সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ফকিরহাট এলাকায় গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির হোসেন নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন কনস্টেবল সামান্য আহত হন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) সালেহ আহম্মদ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সার্জেন্ট কবির তাঁর দল নিয়ে ফকিরহাট এলাকায় টহল দিচ্ছিলেন। গাড়িতে সামনের সিটে চালকের পাশে ছিলেন সার্জেন্ট কবির। ধারণা করা হচ্ছে, তন্দ্রা এসে যাওয়ায় চালক একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে টহল গাড়িটি ফকিরহাট বাজার পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সার্জেন্ট কবির। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।