সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এম জে আলম গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার দীঘলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক এম জে আলম জানান, গতকাল সকাল আটটার দিকে তিনি সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেলে করে সদর উপজেলার রসিকপুর যাচ্ছিলেন। দীঘলি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি আহত হন।
সূত্র জানায়, আহত এম জে আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে পাঠানো হয়।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এম জে আলম ডান হাতে ও পেটের ডান পাশে গুরুতর আঘাত পেয়েছেন।