সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকসহ দুজন নিহত
নওগাঁর সাপাহার উপজেলার পালপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত নূরপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মারা গেছেন।
একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নাসির উদ্দীন নিহত হয়েছেন।
সাপাহার থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রধান শিক্ষক আবদুস সামাদ (৬০) রোববার রাত আটটার দিকে সাপাহার উপজেলার মানিকুড়া থেকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে পালপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি সাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। তিনি উপজেলার বড় মির্জাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের জুংলীপুর সেতুর পাশে শাহজাদপুরগামী একটি ট্যাংকলরি গতকাল বেলা আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো মোটরসাইকেলকে চাপা দিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নাসির উদ্দীন (২৩) মারা যান। তিনি উল্লাপাড়ার গয়হাট্টা গ্রামের বাসিন্দা।