সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নয়জনের
মৌলভীবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নয়জন নিহত হয়েছেন। গত শনিবার ও গত রোববার এ দুর্ঘটনাগুলো ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর—
নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার বাসিন্দা কল্যাণময় রায় গৌতম (৪৮), তাঁর শ্যালিকার ছেলে গৌরব সাহা (৯) ও রিকশাচালক নূর আলী (৪০); চাঁদপুর শহরের তাসনিম (৬); সরাইলের রানা মিয়া (১২); মধুপুর উপজেলার দেউলাবাড়ি গ্রামের আবদুল খালেক (৪৪), বেকারকোনা গ্রামের জনি (২০), আনোয়ার হোসেন (২২) ও ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আবদুল মালেক (৬০)।
মৌলভীবাজার: শহরের শাহ মোস্তফা সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৌতম, গৌরব ও নূর আলী মারা যান। এ ঘটনায় গৌরবের মা সপু সাহা (৩৮) আহত হয়েছেন। তাঁর বাড়ি নরসিংদী জেলায়। সপু সাহা পূজা উপলক্ষে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, কল্যাণময় তাঁর শ্যালিকা ও শ্যালিকার ছেলেকে নরসিংদীর বাসে তুলে দেওয়ার জন্য ব্যাটারিচালিত একটি রিকশায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। শাহ মোস্তফা সড়কের দারুল উলুম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে তাঁদের রিকশা ও উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। পরে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কল্যাণময় ও গৌরবের মৃত্যু হয়।
সদর মডেল থানার ওসি মো. আবদুছ ছালেক বলেন, স্থানীয় লোকজন কাভার্ড ভ্যান ও এর চালকের সহকারী আবুল হোসেনকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করেন।
টাঙ্গাইল: জেলার মধুপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে টাঙ্গাইলগামী পণ্যবোঝাই একটি ট্রাক রক্তিপাড়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী আবদুল খালেক, জনি ও আবদুল মালেক মারা যান। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত আনোয়ার হোসেনকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।
চাঁদপুর : নিহত তাসনিম চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার তানজিল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী আবুল হাশেম বলেন, তাসনিম গতকাল সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চরবাকিলা এলাকার রাস্তা পার হচ্ছিল। ওই সময় চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বেপরোয়া বাসটি পালিয়ে যায়।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর থেকে প্রায় দেড় ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে চাঁদপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাসনিমের আত্মীয়রা বলেন, তাসনিম তার খালার বাড়ি চরবাকিলা পাটোয়ারী বাড়িতে থেকে পড়ালেখা করত।
সরাইল: ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে বাসচাপায় রানা মারা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। রানা পূর্ব কুট্টাপাড়া গ্রামের দানা মিয়ার ছেলে। সে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।