সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চার জেলায় ছয়জন নিহত
যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। একই দিন সাতক্ষীরায় আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার গোপালগঞ্জে এক মোটরসাইকেল আরোহী, পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবক ও সাতক্ষীরায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে গতকাল সকাল সোয়া সাতটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ইনছান আলী (৫২) ও তাঁর মেয়ে ফারজানা আক্তার (১৯) নিহত হন। ফারজানা এবার উচ্চমাধ্যমিক পাস করে মেডিকেলে ভর্তির চেষ্টা করছিলেন। তাঁরা খুলনা শহরের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক সোহানকে (১৪) ধরে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে সোহানকে আসামি করে নিহত ইনছানের মামা শ্বশুর মোস্তফা কামাল যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী জানান, চালকের সহকারী ১৪ বছরের শিশু সোহান ট্রাকটি চালাচ্ছিল। এ কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুর: গোপালগঞ্জ সদরের বেদগ্রাম নতুন বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়াকে (২৮) একটি ট্রাক চাপা দেয়। সোহেলকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সোহেল কোটালীপাড়ার পাবনার পাড় গ্রামের সাহেব আলীর ছেলে।
সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে একটি মিনি পিকআপ ভ্যান গতকাল দুপুরে আশাশুনির দিকে যাচ্ছিল। পথে বেলা দুইটার দিকে আশাশুনির চাপড়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী মইনুল ইসলামকে (৫০) ধাক্কা দিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে মইনুল পিকআপে চাপা পড়ে পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট পর পিকআপটি সরিয়ে মইনুলের লাশ উদ্ধার করেন। মইনুল উপজেলার শোভনালী ইউনিয়নের আবদুল মালেকের ছেলে।
এদিকে সদর উপজেলার কোমরপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি বাস শহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। শহিদুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি ওষুধ কোম্পানি অপসোনিনের বিক্রয় প্রতিনিধি হিসেবে সাতক্ষীরায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় ব্যবসায়িক কাজ শেষে গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে মলয় চক্রবর্তী (২৮), ইয়ামিন হোসেন ও শাহরিয়ার কামরুল বাড়ি যাচ্ছিলেন। মলয় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথে রাত ১০টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রজপাড়া এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মলয়ের মৃত্যু হয়। মলয় গলাচিপার কলেজ রোড এলাকার নির্মল চক্রবর্তীর ছেলে।