সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র প্রাণ হারিয়েছেন। তাঁর নাম রকিবুল ইসলাম (২৫)। এ ছাড়া দিনাজপুরের পার্বতীপুর ও নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর: গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বেজাই মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই রকিবুল নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশির (২২) নামের আরেক তরুণও গুরুতর আহত হন। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রকিবুল দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

নজরুল ইসলাম বলেন, তাঁর ছেলে ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে মার্কেটিং বিভাগের শেষ বর্ষে পড়াশোনা করতেন। গত মঙ্গলবার দুপুরে বন্ধু শিশিরসহ মোটরসাইকেলে করে ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ: পত্নীতলা উপজেলায় গতকাল বুধবার দুপুরে ইঞ্জিনচালিত একটি ভটভটি উল্টে জাহাঙ্গীর আলম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। উপজেলার মাতাজি-ধামইরহাট সড়কের নেপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভটভটিচালকও আহত হন। তাঁকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত জাহাঙ্গীর ধামইরহাট উপজেলার আলমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

সৈয়দপুর (নীলফামারী): দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রকি (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী অপর এক তরুণ (২৫)। নিহত রকি দিনাজপুর শহরের পাহাড়পুর মহল্লার নজরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুরের হরিহরপুর বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছেন।