সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ তিনজন নিহত
নারায়ণগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লা ও সোনারগাঁ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁর সাতভাইয়াপাড়া গ্রামের আমির আলীর ছেলে ও রেস্তোরাঁ ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০), পানাম গাবতলী এলাকার রাজমিস্ত্রি দুলাল মিয়া (২৮) এবং সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকার আফজাল হোসেন (৪২)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় কুমিল্লাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রেস্তোরাঁ ব্যবসায়ী ইকবাল মারা যান। এর আগে রোববার রাত ১১টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের ত্রিবর্দী এলাকায় সাইকেল আরোহী দুলালকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গতকাল দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী আফজাল হোসেনের (২৭) মৃত্যু হয়। আহত হন তাঁর সঙ্গে থাকা সাদ্দাম হোসেন নামের অপর যুবক।