সড়ক দুর্ঘটনায় মেয়ে হরতালে গেল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় মেয়েকে হারিয়েছিলেন রমজান আলী। এবার হরতালের নৃশংসতায় হারালেন বড় ছেলে মনির হোসেনকে। এখন বেঁচে আছে একমাত্র সন্তান লিখন (৪)।

জানা গেছে, রমজানের দুই ছেলে ও এক মেয়ে ছিল। প্রায় দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় মেয়ে মুক্তা আক্তার ছয় বছর বয়সে মারা যায়। এবার হরতালকারীদের আগুনে মারা গেল কিশোর মনির। তাঁর এখন একমাত্র ধন ছেলে লিখন (৪)। রমজানের নিজস্ব কোনো জমিজমা নেই। গ্রামে সরকারি খাসজমিতে একটি টিনের ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

মনির স্থানীয় গণকচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ত। প্রতিবেশী মো. শহিদুল ইসলাম বলেন, ‘মনির ছিল খুব শান্ত প্রকৃতির। কখনো কারও সঙ্গে ঝগড়াবিবাদ করতে দেখিনি। ঠিকমতো স্কুলে আসা-যাওয়া করত সে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন জানান, মনিরের লেখাপড়ার আগ্রহ ছিল। নিয়মিত বিদ্যালয়ে আসত।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার সকালে গাজীপুর-ঢাকা সড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আগুনে ঝলসে যায় মনিরের পুরো শরীর। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর গত বৃহস্পতিবার ভোরে সে চিরতরে চলে গেছে না-ফেরার দেশে।

রমজান আলীর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, মনিরের মৃত্যুর খবর শুনে সকাল থেকেই নিজ গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ দল বেঁধে ওই বাড়িতে আসছে। বেলা তিনটার দিকে লাশ বাড়িতে এসে পৌঁছায়। অনেকেই সে সময় কান্না ধরে রাখতে পারছিল না।

মা মনোয়ারা বেগম পাগলের মতো প্রলাপ বকছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘হরতাল আমার পোলারে মাইরা ফালাইছে। এহন আমার পোলারে ফিরাইয়া দেন। আমার পোলারে যারা মারছে, তাগো আমি বিচার চাই। পোলার ইচ্ছা ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। সেই ইচ্ছাডাও পূরণ হইল না।’

১২ জন গ্রেপ্তার: জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জমান জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা সবাই জামায়াত-শিবিরের কর্মী। এঁরা হলেন মাহবুবুর রহমান, মাহমুদ হাসান, মো. ওমর ফারুক, নুরুল ইসলাম, আবু ফয়সাল আল আরিফ, আমজাদ হোসেন, আফাজ উদ্দিন, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, খোকন, আবদুস সাত্তার ও সোহেল রানা।