সড়ক দুর্ঘটনায় লাইবেরিয়ার নাগরিকসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় লাইবেরিয়ার নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গত বুধবার রাত ১১টার দিকে উত্তরার বিএনএস ভবনসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় উইলিংটন কিং (৩৭) নামের এক লাইবেরিয়ার নাগরিক নিহত হন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলো কে বলেন, উইলিংটন তিন বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। তিনি রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় বন্ধুদের সঙ্গে থাকতেন। বিভিন্ন অনুষ্ঠানে গানবাজনা করতেন তিনি। বুধবার রাতে তাঁরা তিন বন্ধু উত্তরায় আরেক বন্ধুর বাসা থেকে ফেরার সময় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি পালিয়ে গেছে। দেশের বাইরে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে খিলক্ষেত থানার লোটাস কামাল ভবনসংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মি. প্রোজেস নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাবা মৃত বোসেন মিরান। গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। নর্দা কালা চাঁদপুরের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর চাকরি করতেন তিনি। খিলক্ষেত থানার এসআই কানাইলাল মজুমদার তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে শেরেবাংলা নগর থানার আসাদ গেইটসংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবক (২৩) নিহত হন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।