সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় গতকাল শনিবার এক শিক্ষক নিহত হয়েছেন। গত দুই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ, কুড়িগ্রাম সদর ও নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ মডার্ন সায়েন্স রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষক মোস্তাক আহমেদ (২৩) গতকাল দুপুর ১২টায় মোটরসাইকেলে তারাগঞ্জ থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের সিও বাজারে পৌঁছালে সৈয়দপুরগামী একটি বালুবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি তারাগঞ্জ উপজেলার সয়ার মৌলভীপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
বিরামপুর (দিনাজপুর): নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, লাঠিরদাম গ্রামের আবদুর রউফ (৪৮) গত শুক্রবার রাত আটটায় সোঁতারপাড়া গ্রাম থেকে ট্রলি নিয়ে বাড়িতে আসছিলেন। এ সময় সড়কের পাশের গাছের সঙ্গে তাঁর ট্রলির ধাক্কা লাগে। এতে সড়কে পড়ে গিয়ে রউফ গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম আসার পথে একটি যাত্রীবাহী বাস কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নুর হোসেন (৪৮) নামের একজন নিহত ও ২৩ জন আহত হন। আহত ব্যক্তিদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছেন। নুর হোসেনের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার নওয়ানিপাড়া গ্রামে।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল সকাল ছয়টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সড়কের ওই অংশ দিয়ে যাওয়ার সময় ওই বাসের নিচে চাপা পড়ে তসলিমা (৮) নামের এক শিশু নিহত হয় এবং ওই বাসের ৪৮ জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটির যাত্রী ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসার পর থেকে চালক বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও চালক যাত্রীদের কথা শোনেননি।