সড়ক দুর্ঘটনায় শিক্ষক চিকিৎসকসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় কলেজের অধ্যক্ষ ও চিকিৎসকসহ সাতজন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ওই সব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার শেফালী খাতুন (২৮) ও তালা উপজেলার বাগবিলা গ্রামের হাসান গাজী (৮), কলেজের অধ্যক্ষ ও কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামের মাহবুবুল আলম (৫০), গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের ফিরোজ খান (৩০), চিকিৎসক ও চট্টগ্রামের আন্দরকিল্লা চকবাজার এলাকার শাহেদ উল আলম (২৪), বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম বিশারিখোলা গ্রামের সুমতি মন্ডল (৫৫) ও পিরোজপুরের জিয়ানগর উপজেলার ব্যবসায়ী জগদীশ চন্দ্র হালদার (৫৮)।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। পথে দেবহাটা উপজেলার পারুলিয়া ভূমি কার্যালয়ের সামনে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তালা উপজেলার হরিশচন্দ্রকাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হাসান মারা যায়।

কুষ্টিয়া ও রাজবাড়ী: কুষ্টিয়ার খোকসা থানার ওসি কাজী দাউদ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাংশার কলিমহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম বুধবার রাতে একটি নছিমনে করে খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মালিগ্রাম এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নছিমনটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় মাহবুবুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর: গত বুধবার শহরের গোয়ালচামট এলাকার মুজিব সড়কের বিসর্জন ঘাটসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক শাহেদ উল আলম। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহেদ একটি রিকশায় করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পেছনের দিক থেকে একটি মাইক্রোবাস রিকশাটিকে ধাক্কা দিলে শাহেদ রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর সেতুর কাছে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি পিকআপ পথচারী ফিরোজকে চাপা দেয়।

বাগেরহাট: জেলার কচুয়া উপজেলার দেপাড়া-কচুয়া সড়কের গজালিয়া এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মারা যান সুমতি মন্ডল। বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, বুধবার দুপুরে সুমতি গজালিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে পশ্চিম বিশারিখোলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তাঁকে বহনকারী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি আহত হন। রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

এদিকে বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সড়ক দুর্ঘটনায় আহত পিরোজপুর জেলার পান ব্যবসায়ী জগদীশ চন্দ্র হালদার (৫৮)।