সড়ক দুর্ঘটনায় শিক্ষক ছাত্রসহ নিহত ৫
দিনাজপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ প্রাণ হারিছেন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
দিনাজপুর: সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী কলেজের শিক্ষক নাজমিন আখতার (৩৫) তাঁর বাবা নুরুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-বীরগঞ্জ মহাসড়কের জামতলী এলাকায় এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে দুজনই মারাত্মক আহত হন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাজমিন আখতার মারা যান। তাঁর বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল আটটার দিকে দিনাজপুর শহরের জেলরোডে চলন্ত ট্রাক থেকে ছিটকে পড়ে ট্রাকচালকের সহকারী খলিল হোসেন (৫০) প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা ছিলেন। খলিল হোসেন ট্রাকের মালামালের ওপর বসে ছিলেন। সড়কের ওপরে ঝুলে থাকা বিভিন্ন স্যাটেলাইট কেব্লের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
অন্যদিকে বুধবার রাতে কাহারোল উপজেলার কমলপুরের সফিকুল ইসলামের ছেলে লিমন (১০) বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল সকালে সে মারা যায়।
পঞ্চগড়: গতকাল সন্ধ্যা সাতটার দিকে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের শালবাহান এলাকায় রাস্তা পর হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহেল রানা (১৭) নামের এক ছাত্র প্রাণ হারান। তিনি এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস করেছেন। সোহেল রানা তেঁতুলিয়া উপজেলার খুটাগছ গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলা সদরের চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় গতকাল বিকেল চারটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় ফয়েজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।