সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে সিয়াম হোসেন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়ামের মাসহ ইজিবাইকের আরও চার যাত্রী। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে শিশু নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ লোকজন চৌমুহনী-মাইজদী সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।