সড়ক দুর্ঘটনায় শিশু, প্রকৌশলীসহ নিহত ৮
চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশু, প্রকৌশলীসহ আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সাতজনই ছিলেন মোটরসাইকেলের আরোহী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার আতাহার এলাকায় গতকাল সোমবার সকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় দুটি মোটরসাইকেলে থাকা চারজন আরোহী নিহত হয়েছেন। এতে একজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের কাইয়ুম আলী (৪০), আবদুস সালাম (৬৫), কবির আলী (৩৫) ও শিবনারায়ণপুর গ্রামের ইয়াজদানী (৩২)। আহত কবির আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড এলাকায় চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের নুর ইসলাম (৫৭) ও তাঁর ছেলে ঠান্ডু রহমান (৩২)।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলায় গতকাল বেলা একটার দিকে ধানগড়া-পাঙ্গাসী সড়কের ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে ইটবোঝাই ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। শিশু জুবায়ের হোসেন (৮) রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষ্মীকোলা এলাকার হাসান আলীর ছেলে। সে পূর্ব লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
ফুলবাড়ী (দিনাজপুর): রোববার সন্ধ্যায় ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় রেলগেটের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মোতাহার হোসেন চৌধুরী (৩৫) বড়পুকুরিয়া কয়লাখনির উপসহকারী প্রকৌশলী ছিলেন। তাঁর বাড়ি নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারে।