সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গতকাল মঙ্গলবার ট্রাক্টরের চাপায় এক রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। একই দিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রলিচাপায় এক শিশু নিহত হয়। বগুড়ার শেরপুরে গত সোমবার ট্রাকের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় গতকাল বিকেলে মাটিবোঝাই একটি ট্রাক্টর একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক সদর উপজেলার মোহনপুর গ্রামের বজলুর রহমান (৪০) মারা যান। এ ছাড়া রিকশার আরোহী তোজাফফর হোসেনকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তোজাফফর হোসেন বগুড়ার শাহজাহান উপজেলার ক্ষুদ্র ফুলকুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার খাংগুড়হাট খোলা বাজারে গতকাল আখবোঝাই ট্রলির নিচে পড়ে মায়মুন নাহার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শিশুটি উপজেলার সোনাতলা উঁচনা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে। পাঁচবিবি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কড়িয়া-পাঁচবিবি সড়কের খাংগুড়হাট খোলা বাজারে পাওয়ার টিলারের ট্রলিতে করে আখ বিক্রি করার জন্য জয়পুরহাট চিনিকলের ধরঞ্জী আখ ক্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মায়মুন প্রাণ হারায়।
শেরপুর (বগুড়া): শেরপুরের গড়িদহ বাজার এলাকায় গত সোমবার বিকেলে ট্রাকের চাপায় ব্র্যাক ব্যাংকের শেরপুর শাখার একজন কর্মকর্তা নিহত হয়েছেন।
তাঁর নাম জাকারিয়া পারভেজ (৩০)। তিনি কাহালু উপজেলার কাউড়াস কাজীপাড়া গ্রামের বাসিন্দা। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ওই দিন বিকেলে জাকারিয়া একটি মোটরসাইকেলে করে বগুড়ায় যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।