সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার আবু সাঈদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। একই দিন সুনামগঞ্জের ধরমপাশায় আলম মিয়া (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও করিমগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাঈদ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাগতসাবাড়ি গ্রামের আবু কালামের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সাঈদ বাড়ির কাছে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে সড়কের ওপরে চলে আসে। এ সময় তাকে বালুভর্তি একটি ট্রাক্টর চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ধরমপাশা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের মিটো সিদ্দিকী (২৪) জয়শ্রী বাজার থেকে মোটরসাইকেলে করে গতকাল দুপুর ১২টার দিকে ধরমপাশার উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামনের সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি শ্রমিক আলম মিয়াকে ধাক্কা দেয়। এতে আলম গুরুতর আহত হন। পরে মিটো সিদ্দিকী আহত আলমকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলমের মুমূর্ষু অবস্থা দেখে তাঁকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যান মিটো সিদ্দিকী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আলমের মৃত্যু হয়। আলম উপজেলার মোরাদপুর গ্রামের সাদেক মিয়ার বাড়িতে শ্রমিকের কাজ করতেন। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরের চানপুর গ্রামে।
থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ভূঁইয়া প্রথম আলোকে জানান, আলমের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।