সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
সাতক্ষীরা ও পটুয়াখালীর গলাচিপায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।
গলাচিপায় নিহত মো. সিফাত (৫) পূর্ব পাড়ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সাতক্ষীরায় নিহত ব্যক্তির নাম জামালুর রহমান (২২)। তিনি দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের জব্বার সরদারের ছেলে।
গলাচিপা থানার পুলিশ জানায়, ডাকুয়া ইউনিয়নের পাড়ডাকুয়া গ্রামের মো. আলমগীর হোসেন গতকাল সকালে তাঁর নাতি সিফাতকে নিয়ে টমটম চালিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় টমটমটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। সিফাত টমটমের নিচে চাপা পড়ে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সিফাত মারা যায়। থানার ওসি শিশির কুমার পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মোটরসাইকেলে চড়ে তিনজন সাতক্ষীরা থেকে দেবহাটায় আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে জামালুর মারা যান। আহত হন বাকি দুজন আরোহী।