সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল রোববার ট্রাকের ধাক্কায় সাগর মোল্লা নামের এক শিশু নিহত হয়েছে। একই দিন সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও বাগেরহাটে আরও দুজন প্রাণ হারিয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গোপালগঞ্জে নিজের মালিকানাধীন বাসের নিচে চাপা পড়ে মো. বরফ সরদার (৭০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে তামিম পরিবহনের ওই বাসটি ব্যাশপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। চাপতা বটতলা এলাকায় বরফ সরদার চালককে বাসটি থামানোর সংকেত দেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে চালক চাপা দেন তাঁকে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল বিকেলে গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সাগর মোল্লা (৯) গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সে উপজেলার উত্তর দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লার পাড়ার শুকুর মোল্লার ছেলে।
বাগেরহাট: গতকাল দুপুরে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মুন্সি মতিউর রহমান ওরফে স্বপন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সাড়ংগাদিয়া গ্রামের মৃত মুন্সি আমির আলীর ছেলে।