সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
নড়াইলের লোহাগড়া ও কুষ্টিয়ায় গতকাল সোমবার দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
লোহাগড়ার রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। নড়াইল-লোহাগড়া সড়কে বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শাহানুর আলম (৪৮) ও তাঁর মেয়ে ইন্দ্রা (৯)। শাহানুর লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী ছিলেন। ইন্দ্রা স্থানীয় এক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহানুর তাঁর মেয়ে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। রামপুরা এলাকায় সড়কের ওপর একটি বালুর ট্রাক থেমে ছিল। ট্রাকটিকে পাশ কাটাতে গেলে বিপরীত দিক থেকে কালনাগামী খুলনা এক্সপ্রেসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় পড়ে যান। এ সময় ঈগল পরিবহনের আরেকটি বাস তাঁদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের নিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মানছুরা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উপজেলার আদাবাড়িয়া নতুনবাজার মোড়ে বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি নছিমন মেহেরপুরের গাংনীর বামুন্দী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গরুবোঝাই একটি ট্রলির সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী মানছুরা ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিরা হলেন নিকা কসাই (৪২) ও নিছারন নেছা (১৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, নিহত মানছুরা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নিফাজ উদ্দিনের স্ত্রী।