সড়ক দুর্ঘটনায় শ্রমিক দলের নেতাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের চাপায় শ্রমিক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে এবং ৩০টি যানবাহন ভাঙচুর করে। একই দিন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়।
গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস সন্ন্যাসীর চর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদারকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার খলিফাকান্দি গ্রামে।
ঘটনার বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের সন্ন্যাসীরচর এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ কারণে সড়কের উভয় পাশের পাঁচ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। এ সময় এলাকাবাসী ৩০টি বাস ভাঙচুর করে। বেলা দুইটার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, শ্রমিকনেতার লাশ বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক খুলনা নগরের বানরগাঁতি এলাকার বিল্লাল হোসেন চৌধুরী (৩৫) এবং আরোহী বাগেরহাটের সদর উপজেলার বাদোখালী গ্রামের শেখ রফিকুল ইসলাম (৩৭) নিহত হন। বাগেরহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আজিজুল হক জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।