সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের জয়পুড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, মাগুরা, মানিকগঞ্জ, বরিশালে বৃহস্পতি ও গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ আরও ১১ জন নিহত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকার ধামরাইয়ের জয়পুড়া এলাকায় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস ইটবোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া বাসে আটকা পড়েন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। বাসের বিভিন্ন অংশ কেটে এক এক করে বের করে আনা হয় যাত্রীদের। তবে বাসের মধ্যেই খুলনার সেনবাগের ওবায়দুল হক (৭০) ও সাতক্ষীরার জামতলী এলাকার লাইলী বেগম (৩৮) মারা যান। হাসপাতালে নেওয়ার পথে সাতক্ষীরা সদর উপজেলার শহীদুল ইসলাম (২২) ও কালীগঞ্জের সামসুর রহমান (৪৫) মারা যান। আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নিহত শহীদুল চট্টগ্রাম সেনানিবাসের সৈনিক ছিলেন।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গতকাল সকালে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের রেহানা খাতুন (২৪), সলঙ্গা থানার বড় গোজা গ্রামের চায়না খাতুন (২৬) ও রজব আলী (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমদাদুল হক বলেন, ঢাকাগামী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি অটোরিকশা ও ভটভটিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হন। আহত হন আরও পাঁচ যাত্রী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার: বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিরাজনগর এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেট কারের দুই আরোহী নিহত হন। পুলিশ জানায়, সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার থেকে ফেরার পথে শ্রীমঙ্গলে গাড়িটির চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শ্রীমঙ্গল শহরের রাজু স্বর্ণকার (৩২) এবং তাঁর ভায়রা সবুজ রায় স্বপন (৩০) নিহত হন। মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে গাড়ির চালক আরিফ মিয়া (১৮) মারা যান।
রংপুর: কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গতকাল সকালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও এক যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিজলী ঘণ্টি এলাকার আবদুল খালেক (৪৫) ও চালুভদ্র এলাকার মোমিনুল ইসলাম (৩৫)। কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, বাসটি আটক করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার ইছাখাদা এলাকায় গতকাল দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় মো. সুজন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি ঢাকা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মানিকগঞ্জ: পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল ভোরে চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হাবিবা সিদ্দিকী (৩২) নামের এক নারী নিহত হন। তিনি ঢাকার দক্ষিণ দনিয়া নূরপুর এলাকার খালেদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে মুমতাহিনা রামিম (৪) ও ভাই এজাজ হোসেন (৩০)। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল আহসান বলেন, বাসটি আটক করা হয়েছে।
গৌরনদী (বরিশাল): উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল সকালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগী আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়। পুলিশ জানায়, পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার নাসির হাওলাদারের স্ত্রী সোনিয়া বেগম তাঁর একমাত্র মেয়ে সোহাগীকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ি থেকে গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন।