সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে দুজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। একই দিন সলঙ্গা থানার দাঁদপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেট কারের চালক নিহত হন।
সকাল আটটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজের পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আমির হোসেন (৬২) নিহত হন। নিহত আমির হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি একটি ভ্যানে করে পুরান বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে আমির রাস্তায় ছিটকে পড়েন। একপর্যায়ে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাঁদপুরে বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কয়লাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক কামাল হোসেন (২২) মারা যান। এ ঘটনায় প্রাইভেট কারের অন্য তিন আরোহী আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।