সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে বউ-শাশুড়িসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় পাঙ্গাসীতে বিয়ের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বউ-শাশুড়ি।
এ ছাড়া শাহজাদপুর উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের গাড়দহ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ও মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটেছে।
থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়দহ হাটখোলা এলাকায় উল্লাপাড়াগামী সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামের সুনীল হালদার (৬০) ও একই গ্রামের আবদুর রহিম (৩৫) প্রাণ হারান। তবে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের শামসুল আলমের ছেলে মো. খোরশেদ আলম (৩০) মারা যান। শাহজাদপুর ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে অন্যদের উদ্ধার করেন। আহত একজনকে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাত নয়টার দিকে উল্লাপাড়া উপজেলার (লাহিড়ী মোহনপুর-উধুনিয়া) সড়কের বড়পাঙ্গাসী সেতুসংলগ্ন রাস্তার ওপর একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে একটি নছিমন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে মালেকা বেগম (৬০) এবং তাঁর ছেলের স্ত্রী মায়া খাতুন (৩০) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। আহত ব্যক্তিরা জানান, বয়রা স্বরাতলা গ্রামের একই পরিবারের ১২ জন লোক নছিমনযোগে পাশের গ্রামে চকখাদুলী গ্রামে একটি বিয়ের দাওয়াত খাওয়ার পর বাড়ি ফিরছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে।