রাজধানীর মতিঝিল ও যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আকবর আলী (৪৫) নামের এক ব্যক্তি ও আকবর হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মতিঝিলে মিনিবাসের চাপায় নিহত আকবর আলীর পরিবারের অভিযোগ, চালকের সহযোগী তাঁকে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় আকবর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন লোক। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, আকবর সকালে কোনাপাড়া থেকে ৮ নম্বর বাসে উঠে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। মাঝপথে ভাড়া নিয়ে তাঁর সঙ্গে বাসের ভাড়া সংগ্রহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর মধ্যে বাস মতিঝিলে এলে আকবর নেমে যেতে চান। তখন চালকের সহযোগী আকবরকে ধাক্কা দেন। এতে আকবর সড়কে পড়ে যান। আর মিনিবাসের চাকা উঠে যায় তাঁর পায়ের ওপর। তারপর বাসটি পালিয়ে যায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী প্রথম আলোকে বলেন, ‘ধাক্কা দেওয়ার অভিযোগ পেলেও কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। ওই মিনিবাস খোঁজা হচ্ছে।’
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে খালাতো ভাই শুভর সঙ্গে সাইকেলযোগে যাত্রাবাড়ীর রসুলপুরের বাসায় ফিরছিল আকবর হোসেন। শনির আখড়ার বাঁশপট্টি এলাকায় যাওয়ামাত্রই অভিলাষ পরিবহনের একটি মিনিবাস তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আকবর। সামান্য আহত হয় শুভ। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। আকবরের বাবা ইকবাল হোসেন। এক ভাই এক বোনের মধ্যে আকবর ছিল বড়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, মিনিবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।