সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩
সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে গতকাল সোমবার এক গৃহবধূ নিহত হয়েছেন। একই দিনে ফরিদপুরের মধুখালী উপজেলায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের গৃহবধূ ফতেমা খাতুন (৪৮); ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের গৃহবধূ সালমা বেগম (৩০) ও একই গ্রামের রিফাত শেখ (৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ফতেমা খাতুন। এ সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফরিদপুরের বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম ফকির বলেন, সালমা বেগম তাঁর ছেলে তানভীর আহমেদ (৭) ও প্রতিবেশীর ছেলে রিফাত শেখকে নিয়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে বাগাট এলাকায় মাগুরাগামী একটি মাইক্রোবাস তাঁদের চাপা দেয়। এতে সালমা ও রিফাত ঘটনাস্থলেই নিহত হন। তবে সালমার ছেলে তানভীর অক্ষত আছে। রিফাত স্থানীয় চাইল্ড একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ আহমেদ বলেন, পরে উপজেলার কামাখালী এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। কিন্তু চালক পালিয়ে গেছেন।