সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মোখলেছুর রহমান (৩০)। মোখলেছুর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের মিরাপাড়ায় গতকাল রোববার এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির স্ত্রীর নাম মৌসুমী আখতার (২৫)। মোখলেছুর মোটরসাইকেল করে স্ত্রীকে নিয়ে রংপুর শহরের শেখপাড়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিরাপাড়ায় সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের ধারের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মোখলেছুরকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আয়েশা সিদ্দিকা বলেন, মোখলেছুর রহমান মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। আহত মৌসুমী আখতারের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী গতকাল সন্ধ্যায় বলেন, নিহত মোখলেছুর রহমান পেশায় একজন স্কুলশিক্ষক। তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের লোকজন এলে লাশ হস্তান্তর করা হবে।