সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী, সন্তানসহ চারজন নিহত
ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গত শুক্রবার রাতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত ২২ জন।
নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী মো. আসাদুজ্জামান (৩৫), তাঁর স্ত্রী রেশমা বেগম (২৮) ও তাঁদের মেয়ে তিশা (৫)। তাঁদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামুদরকাঠী গ্রামে। নিহত অপরজন হলেন দুর্ঘটনাকবলিত বাসের চালক মো. সিরাজুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি যশোর শহরের রেলগেট এলাকায়।
জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন পরিবহনের একটি বাস রাত আড়াইটার দিকে গঙ্গাবর্দী এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি যানই দুমড়ে-মুচড়ে সড়কের দুই পাশে খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার ফলে বাসচালক সিরাজ ও শিশু তিশা ঘটনাস্থলেই নিহত হয়। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিশার বাবা আসাদুজ্জামান ও মা রেশমা।
নিহত আসাদুজ্জামানের ভাই মো. বাবলু রহমান জানান, আসাদুজ্জামান এলাকায় একটি চানাচুর কোম্পানিতে চাকরি করেন। বিদেশগামী শ্যালককে বিদায় জানাতে তিনি সপরিবারে ঢাকা যাচ্ছিলেন।