সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী সন্তানসহ নিহত ৬
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একইদিন ঢাকার সাভারে বাসের চাপায় দুই পথচারীসহ তিনজন নিহত হন।
বকশীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রাজীবপুরের বাসিন্দা বাবুল মিয়ার (২৭) ছোট ভাই বাদশা মিয়া গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরব থেকে দেশে ফেরেন। স্ত্রী-সন্তানসহ বাবুল মিয়া, তাঁর বড় ভাই সাঈদুর রহমান (৩৫) ও বাদশার শ্যালক রিপন মিয়া (২১) ঢাকা বিমানবন্দর থেকে রাত একটার দিকে বাদশাকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর সাড়ে পাঁচটার দিকে বকশীগঞ্জের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসটির কাচ ভেঙে বাবুল, তাঁর স্ত্রী শিল্পী বেগম (২২) ও তাঁদের সন্তান আবদুল্লাহর (আট মাস) লাশ উদ্ধার করে। এ ছাড়া আহত সাঈদুর, বাদশা ও রিপনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় চালক আবুবক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি বাস সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি রিকশাকে ধাক্কা ও দুই পথচারীকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকানের ওপর উঠে যায়। এতে রিকশার আরোহী পোশাকশ্রমিক পারভীন আক্তার (৩২), পথচারী মানিক (৩০) ও অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে।