সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাসহ দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের সভায় আসার সময় তাঁদের মোটরসাইকেলবহরের সঙ্গে বাসের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
সিংড়া থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বামিহাল থেকে ৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিংড়া শহরে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে আসছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার বাছাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও এর চালক গোলাম মোস্তফা (২৫) গুরুতর আহত হন। এ সময় বাসটি ভারসাম্য হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে বাসের চালক লিটন হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান। লিটন হোসেন বগুড়া শহরের আজমল হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। রাজশাহী নেওয়ার পর গোলাম মোস্তফা মারা যান। মোস্তফা সিংড়ার বামিহাল গ্রামের মুক্তার আলীর ছেলে। তিনি শুকাশ ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।