সড়ক দুর্ঘটনায় হুইপের স্ত্রী-কন্যাসহ আহত ৪
রাজধানীর বনানী উড়ালসড়কে গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমানের স্ত্রী-কন্যাসহ চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন হুইপের স্ত্রী ইসরাত জাহান (৪০), মেয়ে সাদিয়া রহমান (১২), গাড়িচালক মো. ওয়াসিম (৩০) ও গৃহকর্মী মো. রুবেল (২৫)।
ইসরাত জাহানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এবং রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়া ও গাড়িচালক ওয়াসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, হুইপের স্ত্রী ইসরাত দুই পায়ে, মেয়ে সাদিয়া পায়ে, চালক ওয়াসিম মুখ ও মাথায় এবং গৃহকর্মী রুবেল বুকে ও পেটে আঘাত পেয়েছেন।
হুইপ আতিউর রহমান প্রথম আলোকে বলেন, তিনি পরিবার নিয়ে ঢাকায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে থাকেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরকারিভাবে পাওয়া গাড়িতে তাঁর স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী শেরপুর সদর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাত আড়াইটার দিকে গাড়িটি বনানী উড়ালসড়কে ওঠার পর দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত প্রথম আলোকে বলেন, চালক ওয়াসিম তাঁকে জানিয়েছেন, উড়ালসড়কে ওঠার পর তাঁর গাড়ির সামনে একটি ট্রাক ও কাভার্ড ভ্যান ছিল।
ট্রাক ও কাভার্ড ভ্যান একে অপরকে পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করতে থাকে। এর মধ্যে হঠাৎ ট্রাকটি সামনে চলে আসে। তখন হুইপের গাড়িটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসআই জানান, ওই ট্রাক ও কাভার্ড ভ্যানের সন্ধান মেলেনি। ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।