সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
রাজশাহী, যশোর ও সিরাজগঞ্জে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর।
রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সম্রাট (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছে দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে কলাহাটা এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রাকের সঙ্গে রাজশাহীগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সম্রাট নিহত হন। সম্রাট রাজশাহীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার বাসিন্দা।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্রাটের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে স্থানীয়রা একই হাসপাতালে ভর্তি করেছেন।
যশোর: যশোরের মনিরামপুর উপজেলার বাগারীতলা এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় ইউপি সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিয়ার রহমান (৪৫), যশোর সদর উপজেলার কুয়াদা এলাকার মশিয়ার রহমান (৫৫) ও মনিরামপুর উপজেলার বালিধা গ্রামের শাহিনুর রহমান (২৭)।
আহত ব্যক্তিরা হলেন জি এম হাই (৪০) ও সাহেব আলী (৪৫)। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জি এম হাই বলেন, ‘যশোর থেকে একটি মোটরসাইকেলে আমরা তিনজন মনিরামপুর যাচ্ছিলাম। বাগারীতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে আসতে দেখে চালক শফিয়ার মোটরসাইকেল ফুটপাতে নামিয়ে দেয়। তারপরও ট্রাকের চালক আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। একই সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজন ও আমাদের মোটরসাইকেলের চালক মারা যান। পরে স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসেন।’
এ ব্যাপারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ‘ট্রাকের সামনের চাকা পাংকচার হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার টোল সংগ্রহকারী শহিদুল ইসলাম (২৮) ও রায়গঞ্জের নওদাফুলকোচা গ্রামের সিএনজি অটোরিকশার চালক ইউসুফ আলী (২৫)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আজ ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়ায় একটি ট্রাক শহিদুলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মার যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আজ সকালে রায়গঞ্জ উপজেলার ১৬ মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক ইউসুফ আলী নিহত হন। অটোরিকশার আহত এক যাত্রীকে এলাকাবাসী রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।