সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাপুরে নাটোর-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন: পিকআপের চালক রাজু আহম্মেদ (৪২), কনস্টেবল আমিনুর রহমান (৪৫), আহসান আলী (৩৮), ওবাইদুর রহমান (৩৬) ও আলমগীর হোসেন (৩২)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার পুলিশ সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে পুলিশের দুটি পিকআপ আসামি বহনকারী একটি গাড়িকে পাহারা দিয়ে নাটোর হয়ে পাবনা যাচ্ছিল। বেলা ১১টার দিকে পুলিশের গাড়িবহর রাজাপুর মোড় দিয়ে যাওয়ার সময় পাবনা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পুলিশের একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে পাঠান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশের পিকআপের চালক রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি। বাসের চালক পালিয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।