সড়ক দুর্ঘটনার কবলে প্রথম আলোর বার্তা সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন প্রথম আলোর বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। গতকাল শুক্রবার দুপুরে শান্তিনগরে স্কাইলাইন পরিবহনের একটি বাস তাঁর গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় শাহেদ মুহাম্মদ আলীর এক ভাতিজি গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি মুখমণ্ডলে ও পায়ে আঘাত পেয়েছেন। তাঁর মুখে অস্ত্রোপচার করা হয়েছে। গাড়িতে থাকা শাহেদের আট বছরের মেয়ে ও সাড়ে তিন বছরের ছেলে সামান্য আহত হয়। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তারা বাসায় ফিরেছে।
শাহেদ মুহাম্মদ আলী জানান, তাঁরা বেইলি রোড থেকে পল্টনের বাসায় ফেরার পথে শান্তিনগরের মোড়ে কাকরাইলের দিক থেকে আসা একটি বাস হঠাৎ করে গাড়ির (ঢাকা মেট্রো খ ১৩-২৫১২) পেছনের ডান পাশ দুমড়ে-মুচড়ে দেয়। এরপর বাসটি কয়েকটি রিকশাকে আঘাত করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন কর্মকর্তা গাড়িতে করে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী হৃদয় নামের এক পথচারী জানান, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি কার ও কয়েকটি রিকশাকে আঘাত করে। পরে পথচারীরা বাসটি আটক করে। ঘটনাস্থলে কয়েকজন রিকশাচালক আহত হন। সাইদুল ইসলাম (৩০) নামের এক রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইদুলের অবস্থা গুরুতর। রাজবাড়ীতে তাঁর বাড়ি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে হাবিব নামে বাসচালকের সহকারীকে আটক করা হয়েছে।