সড়ক দুর্ঘটনার কবলে সংস্কৃতিসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: শহীদুল হক
সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি: শহীদুল হক

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ শুক্রবার রাজশাহী থেকে ঢাকায় আসার পথে বেলা সাড়ে তিনটার দিকে নাটোরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে নাটোরের বড়াইগ্রাম থানার রাজাকারের মোড় এলাকায় সচিবের গাড়ি সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিত্সার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম প্রথম আলোকে জানান, ‘তাঁর (রণজিৎ কুমার বিশ্বাস) “লেফট হিপ ডিসপ্লেসড” হয়ে গেছে। অস্ত্রোপচার চলছে। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে ঢাকায় পাঠানো হবে। এয়ার অ্যাম্বুলেন্সের আসার অপেক্ষা করা হচ্ছে।’
রাজশাহী নগরের সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার একটি বৈঠকে অংশ নেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আজ সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নাটোরে তিনি এ দুর্ঘটনার শিকার হলেন।