সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন মারা গেছেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কাফরুল থানার পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১৩ নম্বরের কৃষি ব্যাংকসংলগ্ন সড়কে কাভার্ড ভ্যানের চাপায় একরামুল হক (৩২) নামের এক আনসার সদস্য মারা যান। একরামুল কাফরুল থানায় সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করতেন। একরামুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।
সবুজবাগ থানার এসআই আবদুস সাত্তার জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে সবুজবাগে উড়ালসেতুর দক্ষিণ পাশে জামে মসজিদসংলগ্ন সড়কে ট্রাকের চাপায় মনিরুল ইসলাম (৪০) মারা যান। মনিরুল দিনমজুর।