সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ কারণে ঢাকা-আরিচাসহ সব মহাসড়কের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে৷
সড়ক দুর্ঘটনা রোধে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য৷
গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধারকাজে কর্তৃপক্ষকে সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল গঠনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়৷
মতবিনিময় সভায় মানিকগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান অংশ নেন৷
সভায় সৈয়দ আবুল মকসুদ বলেন, সড়ক দুর্ঘটনা একটি সামাজিক ও অর্থনৈতিক সমস্যা৷ প্রায় প্রতিটি দুর্ঘটনার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়৷ গত তিন বছরে সড়ক দুর্ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, গড়ে প্রতিবছর আড়াই হাজারের বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে৷ এতে ব্যক্তি, সরকার তথা রাষ্ট্রের মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সম্প্রতি আবারও ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা বেড়ে গেছে৷