সড়ক দুর্ঘটনায় ইপিজেড শ্রমিক নিহত, আহত ১
নীলফামারী-সৈয়দপুর সড়কের কামারপাড়া নামক স্থানে উত্তরা ইপিজেডসংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী নুরন্নবী (২৫) বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী আদুরী রায় (১৮)। গত শনিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। তাঁরা দুজনই উত্তরা ইপিজেডের ভ্যানচুড়া লেদার কারখানার শ্রমিক।
নিহত নুরন্নবী জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের ছেলে। দুর্ঘটনার পর ইপিজেড শ্রমিকেরা সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক নুরন্নবী এবং আদুরী কাজ শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুন্নবী মারা যান। আহত আদুরীকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে।