সড়ক দুর্ঘটনায় এসআইসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলসহ খাদে পড়ে গিয়ে আবদুল কাদির নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী কনস্টেবল শরীফ মিয়া ও আলমগীর হোসেন।
এদিকে গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী সদর ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুটি পৃথক বাসের চাপায় ভ্যানযাত্রী দুই বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুল কাদির আন্দিকুট, আকবপুর ও শ্রীকাইল ইউনিয়নের পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। শ্রীকাইলে দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কাদির ও দুজন কনস্টেবল মোটরসাইকেলে করে ফিরছিলেন। আকবপুর ইউনিয়নের ঘোড়াশাল সেতু অতিক্রম করার সময় তাঁরা মোটরসাইকেলসহ সেতু থেকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক এসআই কাদিরকে মৃত ঘোষণা করেন।
গতকাল সকালে কুমিল্লা পুলিশ লাইনে জানাজা শেষে কাদিরের মরদেহ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে পাঠানো হয়।
রাজবাড়ী: ঈদের কেনাকাটার জন্য খানখানাপুর বাজারে পাট বিক্রি করে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা গোলাপ আলী শেখ (৬৯)। সকাল পৌনে আটটার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি পরিবহন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাপ আলীর মৃত্যু হয়। এ সময় ভ্যানচালক মোক্তার খাঁ, তাঁর ছেলে সুমন খাঁ (১২) ও নাতি সুজন (১৩) গুরুতর আহত হয়।
লোহাগড়া (নড়াইল): গোপালগঞ্জের কোটালীপাড়ার মাঝবাড়ী বাসস্ট্যান্ডে গতকাল সকাল ছয়টার দিকে বাসের ধাক্কায় আবদুস সাত্তার মোল্লা (৭০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। সাত্তার মোল্লার বাড়ি উপজেলার আসুটিয়া গ্রামে।