সড়ক দুর্ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু আহমেদ চৌধুরী (৫৬) নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় গতকাল বাসের চাপায় জয় আহমেদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আবু আহমেদ চৌধুরী গ্রামীণ ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী নয়টি শাখার আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। তিনি টাঙ্গাইলের ভাসাইল উপজেলার ইমতিয়াজ আলী চৌধুরীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় সপরিবারে বাস করতেন।
নন্দনপুরে গ্রামীণ ব্যাংকের জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামীণ ব্যাংকের নন্দনপুরের আঞ্চলিক কার্যালয় থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহরে বাসার উদ্দেশে যাচ্ছিলেন আবু আহমেদ।
পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার মধ্যে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ময়মনসিংহ শহরের পাদগুদাম আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিমবোঝাই একটি ভ্যান ও রিকশাকে চাপা দেয়। এ সময় রিকশায় থাকা শিশু জয় ঘটনাস্থলেই মারা যায়। ভ্যানচালক ও জয়ের সঙ্গে থাকা তার এক স্বজন আহত হন।
তবে তাদের নাম জানা যায়নি। জয়ের বাড়ি সদর উপজেলার চরকালীবাড়ি গ্রামে। তার বাবার নাম আবদুল আজিজ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, বাসটিকে আটক করা হয়েছে।