সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
কুষ্টিয়ার মিরপুর, ভোলার বোরহানউদ্দিন ও মাগুরা সদর উপজেলায় গতকাল রোববার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা, এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী হিসনা পরিবহনের একটি বাস কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় তালবাড়িয়া আখ সেন্টারের কাছে পৌঁছালে বাসটির সামনের একটি চাকা খুলে পাশের খাদে পড়ে যায়। এতে আতঙ্কে বাসের ছাদের ওপর থাকা যাত্রী কাজল শেখ (১৮) নিচে লাফ দিলে রাস্তায় পড়ে যান। এ সময় অন্য একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া বাস খাদে পড়ায় গুরুতর আহত হন বাসটির যাত্রী শেফালী খাতুন (৪৫)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোলা: বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ও তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জোবায়ের স্বপন জানান, তজুমদ্দিন আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন ও তাঁর স্বামী জগন্নাথপুর-২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফ মোটরসাইকেলে ভোলা শহরে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার আবুল মিয়ার বাজারের কাছে মোটরসাইকেলটি একটি ভেড়াকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিলুফারের মৃত্যু হয়। আহত হন ইউসুফ।
মাগুরা: প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, সাত বছরের নাতি সাহাবুদ্দিনকে নিয়ে মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রাম থেকে মাগুরা সদর হাসপাতালে যাচ্ছিলেন দাদি শাহেরা বেগম (৭০)। বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়ামারা খইতলায় এসে যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোবাইক এসে সাহাবুদ্দিনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।