সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধাসহ চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: দুপুরে তাড়াশ উপজেলার গুল্টা হাট এলাকায় একটি যাত্রীবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মুরগি ব্যবসায়ী তারেক মিয়া (২৪) নিহত হন। এ ছাড়া জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আবদুস সালাম ও আবদুল মান্নান নামের চার ব্যক্তি আহত হন। তাঁদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারেক উপজেলার বারুহাস ইউনিয়নের কাজীপুর গ্রামের মফিজ আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা উপজেলার তামাই এলাকায় আহমদ (৮) নামের এক শিশুকে চাপা দেয়। পরে গুরুতর আহত আহমদকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা একটার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস হাসু বেগমকে (৭৫) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হাসু সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের সাহেব আলী সেখের স্ত্রী।
পঞ্চগড়: চা-শ্রমিক মো. আলম (৩৫) সাইকেলে করে করতোয়া চা কারখানায় যাওয়ার পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল এলাকায় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মো. আলম ধন্দাপাড়া গ্রামের মো. সফিউদ্দিনের ছেলে।