সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র ও এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া এলাকায় গতকাল রোববার বিকেলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাস্থলে গতিরোধকের দাবিতে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। একই দিন দুপুরে ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় ট্রাকের চাপায় শম্পা আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
মোটরসাইকেল আরোহী নিহত তরুণেরা হলেন সাটুরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের দোতরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মামুন হোসেন (১৮), বরুন্ডি গ্রামের শাহিনুর ইসলামের ছেলে সৈকত হোসেন (১৯) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর এলাকার সোহেল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (১৯)। মামুন ও হৃদয় খালাতো ভাই। সৈকত মামুনের বন্ধু।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে খালার বাড়ি দোতরা গ্রামে বেড়াতে আসেন হৃদয়। মামুন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে একাদশ এবং সৈকত দ্বাদশ শ্রেণিতে পড়তেন। হৃদয় নারায়ণগঞ্জ বন্দর এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ওই তিন তরুণ। বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের গোলড়া এলাকায় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামুন ও হৃদয় মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সৈকতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সৈকতের মামাতো ভাই সোহেল রানা বলেন, অবস্থার অবনতি হলে সৈকতকে মানিকগঞ্জ থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতিরোধকের দাবিতে দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেন তাঁরা।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরেক দুর্ঘটনায় ঘিওরের শ্রীবাড়ি এলাকায় বাড়ির পাশের রাস্তায় খেলার সময় শম্পা নামের চার বছরের এক শিশু মারা গেছে। ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, গ্রামবাসী ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়েছেন।