সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫
বগুড়ার ধুনটে বরযাত্রীবাহী ভটভটি উল্টে এক স্কুলছাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া নাটোরের বড়াইগ্রামে দুজন এবং নওগাঁর হাদেবপুর উপজেলায় দুই বড়ই ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
ধুনট (বগুড়া): ধুনট-সিরাজগঞ্জ বাইপাস রোডে বিয়ের যাত্রীবাহী একটি ভটভটি উল্টে খাদে পড়ে শামীমা আকতার (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। এই ঘটনায় বরসহ পাঁচজন আহত হয়েছে।
নিহত শামীমা আকতার ধুনট উপজেলার এলাঙ্গী প্রামাণিক পাড়ার শামসুল হকের মেয়ে এবং এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
গতকাল বেলা তিনটার দিকে উপজেলার এলাঙ্গী গ্রামের ভুলু প্রামাণিকের ছেলে মোশারফ হোসেন (২০) বিয়ে করতে সিরাজগঞ্জের সদর উপজেলার বয়রা গ্রামে যাচ্ছিলেন। ওই ভটভটিতে মোশারফ হোসেনসহ আরও ২০ জন বরযাত্রী ছিল। ভটভটিটি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিশামুড়া গ্রামের সেতুর ওপর উঠতে নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ছয়জন বরযাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে শামীমা আকতার মারা যায়।
নাটোর: বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, গতকাল সকাল পোনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি ট্যাংক ট্রান্সপোর্ট সিরাজগঞ্জ থেকে যশোর যাওয়ার পথে নাটোর-ঢাকা মহাসড়কের পারকোল সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছের ট্রাকের আরোহী মোমিন হোসেন (২৫) প্রাণ হারান। এর আধা ঘণ্টা পর একই মহাসড়কে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় একটি বেসরকারি কোম্পানির একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে শুফা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মানিকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী।
আদমদীঘি (বগুড়া): মহাদেবপুরে নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের ফারাদপুর গ্রামের রমজান আলী (১৬) এবং সমিরন চন্দ্র (৫২)। গতকাল ভোরে ফারাদপুর গ্রামের কয়েকজন ব্যবসায়ী একটি ভ্যানে চড়ে বড়ই বিক্রির জন্য নওগাঁ জেলা শহরে যাচ্ছিলেন। ওই সময় মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানের দুই যাত্রী রমজান আলী ও সমিরন চন্দ্র ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রমজান আলীর মৃত্যু হয়। আহত সমিরনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।