সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ নিহত ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, ভৈরব ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুরে মারা গেছে তিন মাসের এক শিশু। মৌলভীবাজারের কুলাউড়ায় এক চা-শ্রমিকের মৃত্যু হলে ক্ষুদ্ধ শ্রমিকেরা চা-বাগানের চার কর্মকর্তা-কর্মচারীর বাসভবন ভাঙচুর করেন।
আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁদপুর: গতকাল রোববার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুরের ঘোষের হাট এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন মাসের শিশুসহ মা তাহমিনা বেগম (২২) মারা গেছেন। মা ও শিশুটি অটোরিকশার যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার: কুলাউড়ার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানে ট্রাক্টরে চড়ে যাওয়ার সময় চালকের পাশ থেকে পড়ে ট্রাক্টরচাপায় সুদর্শন দাস (১৯) নামের এক শ্রমিক মারা গেছেন। গত শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সুদর্শন বাগানের শ্রীপূজন দাসের ছেলে। এ ঘটনায় বাগানের ক্ষুব্ধ শ্রমিকেরা ব্যবস্থাপকসহ চার কর্মকর্তার বাসভবন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কুলাউড়া থানার ওসি অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে গতকাল সকালে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় সামিরা (৮) নামের একটি শিশু প্রাণ হারিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যান। এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর তাঁরা সরে যান। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভৈরব: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেল মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সোহেলের বন্ধু ও মোটরসাইকেলের অপর এক আরোহী। গতকাল দুপুরে শ্রীরামদী ইউনিয়নের আলু স্টোর বাজারের কাছে দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রোড রোলারের সঙ্গে ধাক্কা খায়। দুই বন্ধুই হাঁপানিয়া গ্রামের বাসিন্দা। পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নোয়াখালী: সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট নামক স্থানে সোনাপুর-চরজব্বার সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় আবুল কালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। সুবর্ণচরের চরজব্বার থানার ওসি এ কে এম এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।