সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে গতকাল রোববার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সানোয়ার হোসেন নিহত হয়েছেন। একই দিন মাগুরা শহরে অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম নামের এক ভ্যানচালক এবং বরিশালের আগৈলঝাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নছিমনের চালক আরিফুল ইসলাম নিহত হন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: জেলা ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার চুটলিয়ার মোড়ে ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে যশোরগামী বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সানোয়ার হোসেন (৩০) নিহত ও বাসের যাত্রীসহ কমপক্ষে ১৩ জন আহত হন। সানোয়ার মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে।
মাগুরা: সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম বলেন, বেলা সোয়া ১১টার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হন। তিনি সদর উপজেলার নরসিংহাটি গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। এ ঘটনায় অটোরিকশার চালক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
গৌরনদী (বরিশাল): প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম সকালে নছিমন চালিয়ে রামেরবাজার এলাকা থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে আরিফুল গুরুতর আহত হন। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।