
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দিতে বিদ্যমান আইনের ধারা পরিবর্তন করে নতুন আইন করা হবে। তবে শুধু আইনের পরিবর্তন নয়, এ ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নীতির বাস্তবায়নের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
গতকাল শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’-এর ষষ্ঠ মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। সংগঠনটির এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির সম্মুখীন করাই সড়ক দুর্ঘটনা রোধের অন্যতম উপাদান’।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আগে সড়ক দুর্ঘটনার বিচার দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী হতো। কিন্তু সড়ক দুর্ঘটনায় সাজা পাওয়ার সংখ্যা বেড়ে গেলে ১৯৮৩ সালে শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হয়। এটি দুর্ঘটনার জন্য দায়ীদের পুরস্কৃত করার মতো।
এ সময় মন্ত্রী তাঁর নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন, ‘আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। এর জন্য চালকের ছয় মাসের সাজা হয়। এটি দুঃখজনক না, অপমানজনক ছিল।’ সম্মেলনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, আইনের সংস্কার প্রাসঙ্গিক। তবে মানুষের সচেতনতা, চালকদের দক্ষতা বাড়ানোরও দরকার। এলোপাতাড়ি রাস্তা তৈরি নয়, রাস্তা তৈরির সময় গবেষণার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
আমীর-উল ইসলাম বলেন, ‘আমাদের মধ্যে না-মানার সংস্কৃতি রয়েছে। অসেচতনতা, অদক্ষতা, বেপরোয়া যানবাহন চালানোর সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে।’
সভাপতির বক্তব্যে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোরভাবে আইনের প্রয়োগ প্রয়োজন। কারণ আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দিয়ে উদাহরণ তৈরির দাবি জানান তিনি।
মহাসমাবেশে আরও বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, উপদেষ্টা আব্দুর রহমান, মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী প্রমুখ।