সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বাজারে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই দিন জেলার সৈয়দপুরে কাজল (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মনির সদরের কুন্দপুকুর ইউনিয়নের সঠিপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। কাজল সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ফকিরপাড়া গ্রামের কহিদুল ইসলামের মেয়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল টেক্সটাইল বাজারে হান্নানের কাপড়ের দোকানের সামনে খেলছিল মনির। এ সময় মনিরের হাতে থাকা একটি খেলনার চাকা সড়কে গড়িয়ে গেলে সে সেটি আনতে যায়। এ সময় নীলফামারী থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে মনিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সৈয়দপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাজল গতকাল দুপুরে সৈয়দপুরের কামারপুকুর-অসুরখাই সড়কের পাশ দিয়ে কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় এক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত।
সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, স্থানীয়রা ওই ট্রাক্টরটি জব্দ করেছে।