সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৪
কুষ্টিয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এদিকে, ডুমুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা যান। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান নামক স্থানে গতকাল বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন লালন ও সামাদ। তাঁদের বাড়ি উপজেলার মশাউড়া গ্রামে।
এদিকে, গতকাল দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহে ইজিবাইকের ধাক্কায় আমিরুল ইসলাম (১০) নামের এক শিশু মারা গেছে।
অন্য ঘটনায়, খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছেন। উপজেলার চাকুন্দিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম কারিমুল ইসলাম (১২)। সে উপজেলার চাকুন্দিয়া গ্রামের শাহবুদ্দিন গাজীর ছেলে এবং চাকুন্দিয়া হাসানিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।