সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
বরিশাল নগরের কাশিপুর চৌমাথা এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় আবুল কালাম আজাদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে বুধবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে নছিমনের চাকায় শাড়ি পেঁচিয়ে শাহানারা বেগম (৩৫) নামের একজনের মৃত্যু হয়।
নিহত আবুল কালাম আজাদ বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার মজিবুর রহমান ডাকুয়ার ছেলে। শাহানারার বাড়ি মহম্মদপুরের গোপালপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম আজাদ গতকাল বেলা সোয়া ১১টার দিকে বরিশাল নগর থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিলেন। পথে কাশিপুর চৌমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। বিমানবন্দর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।
মহম্মদর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, অসুস্থ শাহানারা বেগমকে বুধবার রাত আটটার দিকে নছিমনে করে গোপালপুর থেকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। পথে অসাবধানতাবশত শাহানারা বেগমের শাড়ি চাকায় পেঁচিয়ে গেলে নছিমন থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।