সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে গতকাল মঙ্গলবার সকালে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। একই দিন মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অজ্ঞাতনামা একজন প্রাণ হারান।
গাজীপুরে নিহত পথচারীর নাম নজরুল ইসলাম (২৮)। বাড়ি কাপাসিয়ার কীত্তুর্নিয়া এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জলপাইতলা এলাকায় গতকাল সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাস নজরুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর এলাকাবাসী রাস্তায় নেমে এলে ওই সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টা পর্যন্ত সড়কে ঢাকার মহাখালী টার্মিনাল থেকে কিশোরগঞ্জগামী উজানভাটি, অনন্যা, বন্যা, জলসিঁড়ি, অনন্যা, ক্লাসিক পরিবহনের সব বাস চলাচল বন্ধ ছিল। কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১১টার দিকে ওই সড়কে বাস চলাচল শুরু হয়।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২৫ জন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ২৬ যাত্রী আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা একজন মারা যান।